জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, কবিতা পাঠ অনুষ্ঠিত

জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা সভা, কবিতা পাঠ অনুষ্ঠিত

জামালপুর ট্রিবিউন:

একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ ফেব্রুয়ারি, শনিবার বেলা ১১টায় জামালপুর জেলা প্রশাসন জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে যথাযথ গুরুত্ব দিতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠার এক অবিস্মরণীয় অধ্যায়। ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানতে ও চেতনায় উদ্বুদ্ধ হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলম মীর ও সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক। এছাড়াও সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী আমন্ত্রিত অতিথি হিসাবে অনুষ্ঠানে০ উপস্থিত ছিলেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *