সংবাদ শিরোনাম
March 2, 2026
বালিজুড়ী কাঁচা বাজার সড়কে ড্রেনের পানি উপচে দুর্ভোগ
ছবি: সংগৃহিত

স্টাফ রিপোর্টার:

জামালপুরের মাদারগঞ্জ পৌরসভা এলাকায় বালিজুড়ী কাঁচা বাজার সড়কের পাশের ড্রেনের পানি দীর্ঘদিন ধরে উপচে পড়ছে। এতে সড়কের ওপর জমে থাকা দুর্গন্ধযুক্ত নোংরা পানিতে চরম ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ী ও পথচারীরা। বাজারজুড়ে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ, যা জনস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ড্রেনেজ ব্যবস্থার একাধিক স্থানে ব্লক সৃষ্টি হয়েছে। ফলে পানি স্বাভাবিকভাবে প্রবাহিত হতে না পেরে ময়লা-যুক্ত পানি সড়কের ওপর উঠে আসছে। এতে বাজারে চলাচল ব্যাহত হচ্ছে এবং ক্রেতাদের উপস্থিতি কমে যাওয়ায় ব্যবসায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় ব্যবসায়ী ইয়াসমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী ইসহাক ডাক্তার বলেন, “রোজা ও রমজানের দিনে এমন দুর্গন্ধের মধ্যে দোকানে বসে থাকা অত্যন্ত কষ্টকর। নাকে-মুখে কাপড় বেঁধে থাকতে হয়। এভাবে ব্যবসা চালানো সম্ভব নয়।” তিনি জানান, বিষয়টি একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করা হলেও এখনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

মুরগি ব্যবসায়ী আবুল বলেন, “আমরা নিয়মিত ট্যাক্স-ভ্যাট পরিশোধ করি। তবুও কেন আমাদের এমন দুর্ভোগ পোহাতে হবে?”

দীর্ঘদিনের এ সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “সমস্যাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পৌর সচিবকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।”

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *