সংবাদ শিরোনাম
March 2, 2026

র‌্যাব-১৪–ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

র‌্যাব-১৪–ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
র‌্যাব-১৪–ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

স্টাফ রিপোর্টার:

জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউন থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে। রোববার বিকেলে র‌্যাব-১৪ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে ইট দিয়ে পুতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়, যার মোট পরিমাণ ১ হাজার ৪৪৪ লিটার।

র‌্যাব জানায়, জব্দ করা বেশিরভাগ বোতল থেকে টিসিবির মোড়ক ও সনাক্তকারী চিহ্ন সরিয়ে ফেলা হয়েছিল। এমনকি বোতলের মুখের প্লাস্টিক সিলও খুলে নেওয়া হয়। তবে কিছু বোতলে এখনও টিসিবির চিহ্ন অক্ষত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর আগেও বিপুল পরিমাণ তেল বিক্রি করা হয়েছে।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। টিসিবির মোড়ক খুলে ফেলে তেলগুলো বাজারজাত করার চেষ্টা করা হচ্ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, “ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত বলা যাচ্ছে না। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মামলা দায়ের করা হবে।”

জব্দ করা তেল ও আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *