স্টাফ রিপোর্টার:
জামালপুরের দেওয়ানগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত তৃতীয় লিঙ্গের প্রার্থী মোছা. মুন্নী আক্তার পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (২ মার্চ) পৌর শহরের চুনিয়াপাড়া এলাকার হিজড়া সম্প্রদায়ের অস্থায়ী আবাসনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে মুন্নী আক্তার বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন নারী প্রার্থীকে পরাজিত করে প্রায় ২৪ হাজার ভোটের ব্যবধানে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এলাকার দরিদ্র ও অসহায় মানুষদের প্রত্যাশা নিয়েই তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন।
তিনি অভিযোগ করেন, বিজয়ের আড়াই মাসের মাথায় অন্তর্বর্তীকালীন সরকার একটি অধ্যাদেশ জারি করে তাকে পদ থেকে অপসারণ করে। এতে তিনি চরমভাবে হতাশ ও ব্যথিত। মুন্নী বলেন, “গ্রামের সহজ-সরল মানুষ সরকারি আদেশ বোঝেন না। তারা এখনও আমাকে তাদের নির্বাচিত প্রতিনিধি মনে করে ফোন করে দুঃখ-কষ্টের কথা বলেন। কিন্তু আমি তাদের জন্য কিছুই করতে পারছি না।”
তিনি আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকার চাইলে আগের সরকারের জারি করা অধ্যাদেশ বাতিল করতে পারে। এ সময় তিনি নির্বাচিত বিএনপি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, অধ্যাদেশ বাতিল করে তৃতীয় লিঙ্গের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হোক।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২০২৪ সালের ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সেলাই মেশিন প্রতীকে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হন মুন্নী আক্তার। পরবর্তীতে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরে ১৯ আগস্ট উপজেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।
সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের অর্ধশতাধিক মানুষসহ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

