স্টাফ রিপোর্টার:
মাহে রমজান ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে কঠোর পদক্ষেপ নিয়েছে জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় যাত্রী সাধারণের সুবিধার্থে সিএনজি ও বাস ভাড়ার নতুন তালিকা নির্ধারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রশাসনের নির্ধারিত এই ভাড়ার তালিকা কার্যকর থাকবে।
নির্ধারিত ভাড়া (জনপ্রতি)
সিএনজি:
- বকশীগঞ্জ–জামালপুর: ১৩০ টাকা
- বকশীগঞ্জ–শেরপুর: ৯০ টাকা
- বকশীগঞ্জ–রৌমারী: ২৫০ টাকা
বাস:
- বকশীগঞ্জ–ঢাকা: ৬৯০ টাকা
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আসন্ন ঈদ উপলক্ষে পোশাক, জুতা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর যাতে স্বাভাবিক থাকে, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের বাজার মনিটরিং জোরদার করার নির্দেশ দিয়েছেন ইউএনও।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল হুসনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম এবং বকশীগঞ্জ থানার সেকেন্ড অফিসার রেজাউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও বাস মালিক সমিতির সভাপতি আব্দুল্লাহ সওদাগর বিপ্লব, জামায়াত নেতা রাসেল মাহমুদ, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানবৃন্দ, ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ এবং স্থানীয় সাংবাদিকরা।
প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে গৃহীত এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর ট্রিবিউন/আবু সাঈদ

