
জামালপুর ট্রিবিউন:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জয়বাংলা স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
২১ ফেব্রুয়ারি, শনিবার সকাল ৭টায় বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কয়েকজন নেতা-কর্মী মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জয়বাংলা স্লোগান দিয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। তারা দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ঝুলিয়ে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা ভাষা আন্দোলনে শহিদদের জন্য মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন। জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ কাদির সাজু, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আইয়ুব আলী, তাঁতীলীগের যুগ্মসম্পাদক রেজাউল ও নিষিদ্ধ ঘোষিত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নিয়ামত উল্লাহসহ কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এর ফলে দেড় বছর পর দলীয় কার্যালয়ে দেখা মিলল আওয়ামী লীগের। তবে পতাকা উত্তোলন ও মোনাজাতের পরই কার্যালয় প্রাঙণ থেকে সটকে পড়েন নেতা-কর্মীরা।
এ ঘটনায় বগারচর ইউনিয়নে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। তাৎক্ষণিকভাবে বিএনপি-জামায়াতের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা বগারচর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয়। এরপর থেকেই দলীয় কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই সঙ্গে নেতা-কর্মীদের পদচারণা বন্ধ ছিল।